১৫৯ জন কর্মীর চাকরি ফেরত চেয়েছে জিপিইইউ

২৬ জুন, ২০২১ ১৮:০২  
করোনার এই ক্রান্তিকালে একসাথে ১৫৯ জন কর্মীকে ছাঁটাই করাকে গ্রামীণফোনের উদ্দেশ্যমূলক দুরভিসন্ধি উল্লেখ করে অবিলম্বে তাদের স্বপদে পুনর্বহাল এর দাবি জানিয়েছে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন (জিপিইইউ)। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন জিপিইইউ সহ সভাপতি তানভীর তিমির। এসময় দেশের শীর্ষ এই মোবাইল অপারেটরের সিদ্ধান্তের বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেন গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিয়া মোঃ শফিকুর রহমান মাসুদ। বক্তব্যে ছাঁটাইকৃত কর্মীদের চাকরিতে পুনর্বহাল না করা হলে বাংলাদেশের সকল শ্রমিক সংগঠন কে সাথে নিয়ে জিপিইইউ যে আন্দোলন গড়ে তুলবে তা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনে বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়ন প্রেসিডেন্ট গোলাম মাহমুদ সোহাগ, ইউনি বাংলাদেশ লিয়াজো কাউন্সিলের প্রেসিডেন্ট আমজাদ আলী খান, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠাতা সভাপতি ইদ্রিস আলী, ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত ও স্কপ সভাপতি শহীদুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে গ্রামীণফোনের কর্মী ছাঁটাই করাকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপ। চার হাজার কোটি টাকা মুনাফা করার পরও আউটসোর্সিংএর মাধ্যমে কাজ করিয়ে নিতে গ্রামীণফোন যে কৌশল নিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন স্কপের সদস্য সচিব আহসান হাবিব বুলবুল। মানব বন্ধন থেকে গ্রামীণ ফোনের ছাঁটাই প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে এর প্রতিবাদে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেন নেতারা।